News update
  • চট্টগ্রামে পানির নিচে রেললাইন     |     
  • আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে আগ্রহী     |     
  • স্থানীয় সরকার নির্বাচনের সময় জানালেন তথ্য উপদেষ্টা     |     
  • বসবাস অনুপযোগী’ শহরের তালিকায় তৃতীয় ঢাকা     |     
  • ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: চিফ হুইপ     |     
বঙ্গলোক ডেস্ক বিনোদন 2026-07-03, 6:52pm

চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্ব বাছাইয়ে ভোট আজ

image-408232-70e12c6f522d020436d2ea12c6ef05ff1783083158.jpg

ছবি- সংগৃহীত


বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুক্রবার সকাল ৯টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। 

প্রতি দুই বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে বিএফডিসিতে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রার্থীদের প্রচারণা, শিল্পীদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন প্রতিশ্রুতিকে কেন্দ্র করে সরগরম ছিল চলচ্চিত্রপাড়া।

এবারের নির্বাচনে মুখোমুখি হয়েছে দুটি প্যানেল—আরমান–মুক্তি পরিষদ এবং শিবা শানু–জয় চৌধুরী পরিষদ। উভয় প্যানেলই শিল্পীদের কল্যাণ, চলচ্চিত্রশিল্পের উন্নয়ন এবং সংগঠনকে আরও কার্যকর করার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন চেয়েছেন।

আরমান–মুক্তি পরিষদ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইট ডিরেক্টর আরমান এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। এ প্যানেলে সহসভাপতি পদে প্রার্থী হয়েছেন নূতন ও ইলিয়াস কোবরা। সহসাধারণ সম্পাদক পদে লড়ছেন রিনা খানসহ চলচ্চিত্র অঙ্গনের আরও কয়েকজন পরিচিত মুখ।

অন্যদিকে শিবা শানু–জয় চৌধুরী পরিষদ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন জয় চৌধুরী। তাদের নির্বাচনী অঙ্গীকারে রয়েছে শিল্পীদের অধিকার সুরক্ষা, কল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করা এবং যৌথ প্রযোজনার চলচ্চিত্রে দেশীয় শিল্পীদের কাজের সুযোগ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া।

নির্বাচন উপলক্ষে দুই প্যানেলই নিজেদের পরিকল্পনা তুলে ধরেছে। আরমান–মুক্তি পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচিত হলে শিল্পীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তারা কার্যকর ভূমিকা রাখবেন। অন্যদিকে শিবা শানু–জয় চৌধুরী পরিষদের দাবি, তারা বিদ্যমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্ব দেবেন।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রয়েছেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশান।

আপিল বোর্ডের দায়িত্বে রয়েছেন চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ, কাজী হায়াৎ ও বাদল খন্দকার।

দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় শুরু হবে ভোট গণনা। এরপর ঘোষণা করা হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন নেতৃত্ব।

চলচ্চিত্র অঙ্গনের সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন কমিটি শিল্পীদের স্বার্থ সংরক্ষণ, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং দেশের চলচ্চিত্রশিল্পের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।