News update
  • চট্টগ্রামে পানির নিচে রেললাইন     |     
  • আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে আগ্রহী     |     
  • স্থানীয় সরকার নির্বাচনের সময় জানালেন তথ্য উপদেষ্টা     |     
  • বসবাস অনুপযোগী’ শহরের তালিকায় তৃতীয় ঢাকা     |     
  • ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: চিফ হুইপ     |     
বঙ্গলোক ডেস্ক জাতীয় 2026-07-05, 7:12pm

অংশগ্রহণমূলক রাজনীতির পরিবেশ গড়ে তোলা জরুরি: জাতীয় পার্টি

b7c8a48f-3f49-4339-8387-218fab28f99f-1bf8b1e96ba0b454f8674afd59d668531783257149.jpg


দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সংঘাত, প্রতিহিংসা ও বিভাজনের রাজনীতি পরিহার করে সংলাপ, সহনশীলতা ও অংশগ্রহণমূলক রাজনীতির পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছে জাতীয় পার্টি।

রোববার রাজধানীর গুলশানে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত দলের প্রেসিডিয়াম সভায় সভাপতির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি প্রতিশোধের রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার যে আহ্বান জানিয়েছেন, তা ইতিবাচক বার্তা বহন করে। দেশের বৃহত্তর স্বার্থে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করেই একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা সম্ভব।

সভার শুরুতে স্বাগত বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, দেশের মানুষ এখন সংঘাত নয়, কার্যকর গণতন্ত্র, সুশাসন, অর্থনৈতিক স্থিতিশীলতা ও জনকল্যাণমুখী রাজনীতি দেখতে চায়। জাতীয় পার্টি সেই প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাবে।

তিনি আগামী ১৪ জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানান। তিনি বলেন, কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি সারা দেশে দলের সব সাংগঠনিক ইউনিটে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

সভায় দলের সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যন্ত আরও জোরদার করা, নতুন সদস্য সংগ্রহ, তরুণ নেতৃত্বকে এগিয়ে আনা এবং জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে মাঠে সক্রিয় থাকার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে জাতীয় পার্টিকে একটি দায়িত্বশীল, গণমুখী ও কার্যকর রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতারা।

সভায় জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলাসহ প্রেসিডিয়ামের সদস্যরা বক্তব্য রাখেন।