
ঢাকা আইনজীবী সমিতিতে (ঢাকা বার) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উৎসব-২০২৬ উদযাপিত হয়েছে।
ঢাকা বার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
সংস্কৃতি মন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম আমাদের বাঙালি চেতনা, সাহিত্য ও সংস্কৃতির দুটি অবিনাশী বাতিঘর।
তিনি বলেন, রবীন্দ্রনাথ যেমন আমাদের হৃদয়ের গভীর অনুভূতি ও মননশীলতাকে সমৃদ্ধ করেছেন, তেমনই নজরুল আমাদের শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে ও সাম্যের গান গাইতে। তরুণ প্রজন্মের মাঝে এই দুই মহান কবির আদর্শ ও সাহিত্য দর্শন ছড়িয়ে দিতে হবে।
তিনি আরো বলেন, সুস্থ সাংস্কৃতিক ধারা বজায় রাখতে এবং মেধা-মননভিত্তিক সমাজ গঠনে আইনজীবীদের এই চমৎকার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ার জাহিদ ভূঁইয়া।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম খান।
পরে, এক সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীবৃন্দ রবীন্দ্র ও নজরুল সঙ্গীত এবং কবিতা আবৃত্তি পরিবেশন করেন।
সূত্র: বাসস