News update
  • জলাবদ্ধতা ও ভূমিধসের শঙ্কায় চট্টগ্রামে প্রশাসনের সতর্কতা, প্রস্তুত ৮ আশ্রয়কেন্দ্র     |     
  • সংসদের অধিবেশন আগামীকাল বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মুলতবি     |     
  • পরীক্ষা জালিয়াতি রোধে কঠোর শাস্তি, পাবলিক পরীক্ষা আইন সংশোধন বিল পাস     |     
  • স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান     |     
  • গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের     |     
জলবায়ু ও পরিবেশ 2026-07-07, 10:04pm

জলাবদ্ধতা ও ভূমিধসের শঙ্কায় চট্টগ্রামে প্রশাসনের সতর্কতা, প্রস্তুত ৮ আশ্রয়কেন্দ্র

image-81285-1783335298-44c3c7d9531a95ade68b484240c964b31783440393.jpg

ছবি- সংগৃহীত


টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম মহানগরে জলাবদ্ধতা ও পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় নগরের আটটি আশ্রয়কেন্দ্র সার্বক্ষণিক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্বাক্ষরিত ত্রাণ ও পুনর্বাসন শাখার এক নির্দেশনায় আজ এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী মৌসুমি স্থল নি¤œচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

জেলা প্রশাসন জানায়, গত কয়েক দিনের টানা বর্ষণে চট্টগ্রাম জেলা ও মহানগরের বিভিন্ন নিন্মাঞ্চল প্লাবিত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বহু মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পাশাপাশি পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও বেড়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, মহানগরের চারটি সার্কেলে মোট আটটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে চান্দগাঁও সার্কেলে আল-হেরা মাদ্রাসা ও রশিদিয়া মাদ্রাসা, আগ্রাবাদ সার্কেলে ওয়াইডব্লিউসিএ কমিউনিটি স্কুল ও ইমরুল কোরআন মহিব্বিয়া দ্বীনিয়া এতিমখানা, কাট্টলী সার্কেলে ফিরোজশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বি-ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাকলিয়া সার্কেলে লালখানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শহীদ নগর সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, পরিস্থিতির অবনতি হলে আশ্রয়কেন্দ্রগুলো তাৎক্ষণিকভাবে চালু করে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে সেখানে স্থানান্তরের জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। জেলা প্রশাসন সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে।