
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। তিনি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধীন ৮ বিআইআরের প্রশিক্ষণ এলাকা পায়ে হেঁটে ঘুরে দেখেন এবং মাঠপর্যায়ে সৈনিকদের সঙ্গে দীর্ঘ সময় কাটান।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং ইউনিটের কমান্ডিং অফিসার (সিও) চলমান প্রশিক্ষণ কার্যক্রম ও সামগ্রিক কৌশলগত প্রস্তুতি সম্পর্কে তাকে অবহিত করেন।
তিনি একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা মনোযোগ দিয়ে শোনেন এবং সেনাসদস্যদের পরিচালিত একটি রেইড মহড়া প্রত্যক্ষ করেন।
এ ছাড়া প্রধানমন্ত্রী যুদ্ধক্ষেত্রে সেনা মোতায়েন, যুদ্ধকৌশল, অস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক পরিদর্শন করেন। তিনি একটি সেনা বাঙ্কারে প্রবেশ করে অংশগ্রহণকারী কর্মকর্তা ও সৈনিকদের সঙ্গে যুদ্ধক্ষেত্রের কৌশল নিয়ে মতবিনিময় করেন।
জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনাসদস্যদের কাছেও যান, তাদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ দেন।
একপর্যায়ে তারেক রহমান মহড়ায় অংশ নেওয়া সৈনিকদের জন্য প্রস্তুত করা মাঠের খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চা পান করেন। মাঠপর্যায়ে সরকারপ্রধানকে দীর্ঘ সময় পাশে পেয়ে সৈনিকরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
পরে সৈনিকদের উদ্দেশে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর আস্থা রয়েছে। জাতীয় সংকট মোকাবিলা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর প্রশংসনীয় ভূমিকার কথা উল্লেখ করে তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা এবং সর্বোচ্চ মাত্রার অপারেশনাল প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ধারাবাহিক সাফল্য কামনা করেন।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামসুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।