
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে টানা ভারী বর্ষণের কারণে রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি প্রায় ১ হাজার যাত্রী নিয়ে ষোলশহর এলাকায় আটকে পড়েছে. আজ মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি এই জলাবদ্ধতার মুখে পড়ে.
ট্রেনটি চট্টগ্রামের ষোলশহর স্টেশন অতিক্রম করার পর জানালীহাট স্টেশনের কাছাকাছি সুন্নিয়া মাদ্রাসা এলাকায় রেললাইন ডুবে থাকায় চালক ট্রেনটি থামিয়ে দেন. পরবর্তীতে নিরাপত্তার স্বার্থে ট্রেনটিকে কিছুটা পিছিয়ে এনে ষোলশহর স্টেশনে নিরাপদ অবস্থানে রাখা হয়েছে।
ট্রেনটিতে প্রায় ৮০০ থেকে ১,০০০ জন যাত্রী রয়েছেন, যার মধ্যে নারী ও শিশুর সংখ্যাও অনেক. দীর্ঘ সময় আটকা থাকায় তারা চরম ভোগান্তি ও উদ্বেগের মধ্যে পড়েছেন।
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৮৬.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে. ফলে নগরীর নিচু এলাকা ও রেললাইনে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে. ইঞ্জিনে পানি ঢুকে যান্ত্রিক ত্রুটি বা বড় দুর্ঘটনা এড়াতে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এই একই কারণে চট্টগ্রাম-কক্সবাজার রুটের ১০ কিলোমিটারের ষোলশহর-জানালীহাট সেকশন বন্ধ রয়েছে. এছাড়া রেললাইনে গাছ ভেঙে পড়ায় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ফিরতি ‘প্রবাল এক্সপ্রেস’ ট্রেনটিও দোহাজারী রেলওয়ে স্টেশনে আটকে দেওয়া হয়েছে।
রেলওয়ের প্রকৌশল বিভাগ লাইন থেকে পানি সরানোর কাজ করছে, তবে অনবরত বৃষ্টি হতে থাকায় পরিস্থিতি স্বাভাবিক করা কঠিন হচ্ছে। জানালীহাট স্টেশনের মাস্টার এবং রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, রেললাইন থেকে পানি পুরোপুরি নেমে গেলে এবং লাইন সম্পূর্ণ নিরাপদ ঘোষিত হলে ট্রেনটি আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করবে