
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, গাবতলী বাস টার্মিনালে থাকা অবৈধ স্থাপনা এবং অবৈধভাবে ২৪ ঘণ্টা বাস রেখে মেরামতের কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আজ গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন।
প্রশাসক বলেন, আইনগতভাবে কোনো বাস টার্মিনালে ২৪ ঘণ্টা অবস্থান বা মেরামতের সুযোগ নেই। কিন্তু গাবতলী বাস টার্মিনালে এ ধরনের কার্যক্রম চলছে। এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, বাস টার্মিনালে যেসব অবৈধ স্থাপনা রয়েছে, সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।
মো. শফিকুল ইসলাম খান জানান, যাত্রীদের জন্য বসার সুব্যবস্থা নিশ্চিত করতে যাত্রী ছাউনি ও ছাদের সংস্কার করা হবে। পাশাপাশি টার্মিনালের অভ্যন্তরীণ সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হবে।
তিনি বলেন, গাবতলী বাস টার্মিনাল একটি ঐতিহ্যবাহী বাস টার্মিনাল। উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চলের বিপুলসংখ্যক যাত্রী এই টার্মিনাল ব্যবহার করেন। টার্মিনালের ভেতর-বাহির এবং যাত্রী ছাউনির বিভিন্ন অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণের জন্যই এ পরিদর্শন করা হয়েছে।
প্রশাসক অভিযোগ করেন, গত ১৭ থেকে ১৮ বছরে পুরোনো এই বাস টার্মিনালের কোনো সংস্কার কার্যক্রম হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টার নির্দেশনায় গাবতলী বাস টার্মিনাল-সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করা হয়েছে। টার্মিনালটিকে পরিবেশবান্ধব, যাত্রীবান্ধব এবং আধুনিক বিশ্রামাগারসহ একটি আধুনিক বাস টার্মিনালে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, এ লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন কাজ শুরু করেছে এবং পর্যায়ক্রমে সব কাজ সম্পন্ন করা হবে।
পরিদর্শনকালে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, পরিবহন ব্যবস্থাপকসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।