
ছবি- সংগৃহীত
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘সবুজ বিদ্যালয়’ উদ্যোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। এ উপলক্ষে আগামী ১৫ জুলাই সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে প্রায় ২ লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হবে।
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রতীকীভাবে একটি গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করবেন।
কর্মসূচির আওতায় দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ন্যূনতম তিনটি করে গাছের চারা রোপণ ও পরিচর্যা করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিপ্রেম ও পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলজ, বনজ ও ঔষধি—এই তিন ধরনের গাছের চারা রোপণ করা হবে। এর মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণকে আরও সবুজ, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব করে তোলার পাশাপাশি রোপণকৃত গাছের নিয়মিত পরিচর্যার ব্যবস্থাও নিশ্চিত করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রাথমিক বিদ্যালয়কে শুধু পাঠদানের কেন্দ্র হিসেবে নয়, বরং পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার অন্যতম ভিত্তি হিসেবে গড়ে তুলতে কাজ করছে। বিদ্যালয়ভিত্তিক এ বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে সবুজ বাংলাদেশ গঠনের প্রত্যয় আরও জোরদার করবে।
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ‘সবুজ বিদ্যালয়’ হিসেবে গড়ে তোলা। এ উদ্যোগের মাধ্যমে বিদ্যালয় সবুজায়নের পাশাপাশি শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে ব্যবহারিক শিক্ষা অর্জনের সুযোগ সৃষ্টি হবে।
এ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় জনগণকে বৃক্ষরোপণ ও রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।