News update
  • পরীক্ষা জালিয়াতি রোধে কঠোর শাস্তি, পাবলিক পরীক্ষা আইন সংশোধন বিল পাস     |     
  • স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান     |     
  • গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের     |     
  • বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান     |     
  • চট্টগ্রামে পানির নিচে রেললাইন     |     
বঙ্গলোক ডেস্ক জাতীয় 2026-07-04, 6:22pm

বিশ্ব সংকট নিরসনে পারস্পরিক বোঝাপড়া ও বহুমাত্রিক জ্ঞানচর্চার আহ্বান তথ্যমন্ত্রীর

1783153266al-ummah-sapon-9fed92d8c248bf185b62fd05760cf4e31783167844.jpg

ছবি- সংগৃহীত


রাজধানীর তেজগাঁওয়ের একটি অভিজাত হোটেলে বৈশ্বিক গবেষণা, সংলাপ ও জ্ঞানচর্চাভিত্তিক আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘আল-উম্মাহ জার্নাল ও ওয়েবসাইট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান বিশ্ব এক জটিল ও গভীর সংকটকাল অতিক্রম করছে। এ অবস্থায় কোনো একক মতাদর্শ, দর্শন বা চিন্তার আধিপত্য মানবসভ্যতার জন্য টেকসই সমাধান দিতে পারে না।

তিনি বলেন, বৈচিত্র্য, ভিন্নমত এবং বিভিন্ন আদর্শের মধ্যে অবাধ আদান-প্রদান ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই কেবল শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সম্ভব। এর জন্য প্রয়োজন মুক্ত, দায়িত্বশীল ও গঠনমূলক বুদ্ধিবৃত্তিক চর্চা।

আল-উম্মাহ ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্মবিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের খ্যাতনামা লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ইয়াসিন আকতাই।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আল-উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং জার্নালের সম্পাদক ইন চিফ মোহাম্মদ জাকির হোসেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে বিভ্রান্তি ও বিভাজন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এ প্রেক্ষাপটে জ্ঞান, নৈতিকতা ও দায়িত্বশীলতার ভিত্তিতে গড়ে ওঠা নির্ভরযোগ্য বুদ্ধিবৃত্তিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, আল-উম্মাহ জার্নাল ও ওয়েবসাইট জ্ঞানভিত্তিক আলোচনা ও গবেষণার একটি বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক মাধ্যম হিসেবে ভূমিকা রাখতে পারে।

তিনি উল্লেখ করেন, ভাষা, জাতিসত্তা, ধর্ম, সংস্কৃতি ও ভৌগোলিক বৈচিত্র্যই মানবসমাজের স্বাভাবিক বাস্তবতা। কোনো নির্দিষ্ট গোষ্ঠী এককভাবে বিশ্বকে নিয়ন্ত্রণ বা প্রাধান্য বিস্তার করতে পারে না। বরং বিভিন্ন মতাদর্শের গবেষক ও চিন্তাবিদদের যৌথভাবে এমন সমাধান খুঁজে বের করতে হবে, যা মানবকল্যাণ নিশ্চিত করবে।

দেশের রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি বলেন, একটি গ্রহণযোগ্য ও প্রশংসিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার গঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বৈচিত্র্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে বিশ্বাসী। এখানে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে মত প্রকাশ করতে পারবেন এবং মতের সুস্থ বিনিময়ই গণতান্ত্রিক সংস্কৃতির মূল ভিত্তি।

তিনি আরও জানান, বাংলা, ইংরেজি, আরবি ও তুর্কি—এই চার ভাষায় জার্নাল প্রকাশের উদ্যোগ আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া বাড়াতে সহায়ক হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে ভুল বোঝাবুঝি কমাতে ভূমিকা রাখবে।

অধ্যাপক ইয়াসিন আকতাই বলেন, মুসলিম বিশ্বের সমৃদ্ধ বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য রয়েছে, যা সমসাময়িক বৈশ্বিক বাস্তবতার সঙ্গে যুক্ত করা এখন সময়ের দাবি। তাঁর মতে, আল-উম্মাহ প্ল্যাটফর্ম বিশ্বজুড়ে চিন্তাবিদদের মধ্যে সংযোগ স্থাপনে কার্যকর ভূমিকা রাখবে।

ড. এ এফ এম খালিদ হোসেন বলেন, এ উদ্যোগ ওআইসি সদস্য দেশগুলোর মধ্যে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি এবং মুসলিম উম্মাহর সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞানভিত্তিক সমাধান গড়ে তুলতে সহায়ক হবে।

অনুষ্ঠানে দেশি-বিদেশি গবেষক, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে মুসলিম উম্মাহর বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব, গণমাধ্যম, শিক্ষা, প্রযুক্তি এবং বৈশ্বিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।