News update
  • পরীক্ষা জালিয়াতি রোধে কঠোর শাস্তি, পাবলিক পরীক্ষা আইন সংশোধন বিল পাস     |     
  • স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান     |     
  • গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের     |     
  • বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান     |     
  • চট্টগ্রামে পানির নিচে রেললাইন     |     
খবর 2026-07-02, 6:06pm

প্যারিসের ঐতিহাসিক অপেরা ভবনের সংস্কারকাজ তিন বছর বাড়ল

image-401946-1782993410-a2420fffe6ece39f8ad1156e1b0c8c831782993963.jpg


সিসা দূষণের কারণে ফ্রান্সের রাজধানীতে অবস্থিত নিজেদের ঐতিহাসিক ভবনের পরিকল্পিত সংস্কারকাজ আরও তিন বছর বাড়াতে বাধ্য হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে প্যারিস অপেরা।

ইউরোপীয় অপেরার অন্যতম প্রতীকী স্থাপনা পালে গার্নিয়ে (Palais Garnier)-এ ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত দুই বছরের সংস্কারকাজ চলবে এবং এ সময় ভবনটি বন্ধ থাকবে বলে এর আগেই ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি।

তবে এখন ভবনটির সংস্কার ও দূষণমুক্ত করার কাজ মোট পাঁচ বছর চলবে বলে আশা করা হচ্ছে। ফলে পুনরায় চালুর সময়সীমা ২০৩২ সাল পর্যন্ত পিছিয়ে গেছে।

প্যারিস অপেরার মহাপরিচালক আলেকজান্ডার নিফ বৃহস্পতিবার এএফপিকে বলেন, "এটি এমন একটি সিদ্ধান্ত, যার পাশে আমরা আছি; দায়িত্ববোধ থেকে নেওয়া একটি সিদ্ধান্ত; আমাদের এই সম্পদের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া একটি সিদ্ধান্ত।"

তিনি আরও বলেন, "কয়েক বছরের মধ্যে আবার বড় ধরনের সংস্কারকাজ শুরু করতে না হয়, সে কারণেই আমরা আজ এই পদক্ষেপ নিয়েছি।"

নিফ বলেন, "কঠোরতর বিধিমালার" কারণে মঞ্চ এলাকার সিসা অপসারণ করতে হবে।

১৫০ বছর পুরোনো পালে গার্নিয়ে প্যারিসের একটি স্থাপত্য নিদর্শন হিসেবে বিবেচিত। মার্ক শাগালের আঁকা বিশাল গম্বুজাকৃতির ছাদ এবং দৃষ্টিনন্দন মার্বেল নির্মিত প্রবেশপথের জন্য এটি বিশেষভাবে পরিচিত।

এটি 'সিটি অব লাইট'-এর এমন কয়েকটি পর্যটন আকর্ষণের একটি, যেগুলোর ব্যয়বহুল সংস্কার প্রয়োজন। আধুনিক শিল্পকলা জাদুঘর পম্পিদু সেন্টার পাঁচ বছরের আধুনিকায়ন প্রকল্পের জন্য বন্ধ রয়েছে এবং ল্যুভর জাদুঘরও রক্ষণাবেক্ষণজনিত সমস্যায় রয়েছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের হিসাবে, প্যারিস অপেরার সংস্কার ব্যয় ধরা হয়েছিল ৪৫ কোটি ইউরো (৫১ কোটি ৫০ লাখ ডলার), যার এক-চতুর্থাংশ অর্থায়ন করবে ফরাসি সরকার।

প্যারিস অপেরার অন্য ভেন্যু, আধুনিক বাস্তিল অপেরা হাউস, পালে গার্নিয়ের সংস্কার শেষ হওয়ার পর দুই বছরের জন্য সংস্কারের উদ্দেশ্যে বন্ধ করা হবে।