
দেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের সক্ষমতা বাড়াতে ৪০ হাজারের বেশি এনএস১ (NS1) ডেঙ্গু পরীক্ষার কিট হস্তান্তর করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)।
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে সংস্থাটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মো. হালিমুর রশিদের কাছে আনুষ্ঠানিকভাবে কিটগুলো তুলে দেন।
কিট গ্রহণের পর অধ্যাপক ডা. মো. হালিমুর রশিদ বলেন, যেকোনো সংকটময় পরিস্থিতিতে সহযোগিতার আহ্বানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দ্রুত সাড়া দিয়ে থাকে। এ বছর ডেঙ্গু পরীক্ষার কিটের সম্ভাব্য ঘাটতির বিষয়টি সামনে আসার পর রেড ক্রিসেন্টের সহযোগিতা চাওয়া হলে সংস্থাটি দ্রুত প্রয়োজনীয় কিট সরবরাহ করে।
তিনি এ সহায়তার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ব্যারিস্টার মো. আব্দুস সালাম বলেন, সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ধারাবাহিক সহায়তার অংশ হিসেবেই ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান করা হয়েছে। তিনি জানান, দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতাই রেড ক্রিসেন্টের সবচেয়ে বড় শক্তি। গত বছর সংস্থাটি ৩০ হাজার ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহ করেছিল, আর চলতি বছর ৪০ হাজারের বেশি কিট দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ডেঙ্গুর পাশাপাশি হামসহ বিভিন্ন জনস্বাস্থ্য সংকট মোকাবিলাতেও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
আব্দুস সালাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রতিটি নাগরিকের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার যে লক্ষ্য সরকার নির্ধারণ করেছে, তা বাস্তবায়নে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করছে এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে তিনি জানান, মাঠপর্যায়ে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের আরও উন্নত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা জনগণের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন।
অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রফিকুল কবির, ট্রেজারার ডা. আবু মো. মোফাখখারুল ইসলাম (রানা), সেক্রেটারি জেনারেল ড. কবির এম আশরাফ আলম এনডিসি, হেলথ ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল ডা. এস এম হুমায়ুন কবির (অব.)-সহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।