News update
  • পরীক্ষা জালিয়াতি রোধে কঠোর শাস্তি, পাবলিক পরীক্ষা আইন সংশোধন বিল পাস     |     
  • স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান     |     
  • গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের     |     
  • বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান     |     
  • চট্টগ্রামে পানির নিচে রেললাইন     |     
প্রথম পাতা 2026-07-01, 7:29pm

ঢাকা-১৫-এর উন্নয়নে সরকার ও বিরোধী দলের সমন্বিত উদ্যোগ

whatsapp-image-2026-07-01-at-7-e7843d54524911b3817c977359e1eef41782912549.jpeg

ঢাকা-১৫ আসনের জনসমস্যা সমাধানে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।


ঢাকা-১৫ আসনের পানি ও গ্যাস সংকট, ডেঙ্গু নিয়ন্ত্রণ, অবৈধ খাল দখলমুক্তকরণ, পরিচ্ছন্নতা কার্যক্রমসহ বিভিন্ন জনসেবামূলক কাজে জনগণকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

মঙ্গলবার (১ জুলাই) ঢাকা-১৫ আসনের চারটি স্থানে পৃথক মতবিনিময় সভায় তারা এ অঙ্গীকার ব্যক্ত করেন।

মতবিনিময় সভাগুলোতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

সকালে পশ্চিম শেওড়াপাড়ার ৩ নম্বর গলি থেকে আনুষ্ঠানিক পরিদর্শন শুরু হয়। পরে পূর্ব মনিপুরের বাইতুর রহিম জামে মসজিদ এলাকা, বাইশটেকী সরকারবাড়ি মোড়, ৪ নম্বর ওয়ার্ড এবং ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় ডেঙ্গু পরিস্থিতি, পশ্চিম শেওড়াপাড়া খালের অবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম, পানি ও গ্যাস সংকটসহ বিভিন্ন বিষয় সরেজমিনে পরিদর্শন করেন তারা। এ সময় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও সমস্যার কথা শুনে সেগুলোর সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

ডা. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী জাতীয় সংসদে তার বক্তব্য গুরুত্ব দিয়েছেন। এর ধারাবাহিকতায় ইতিহাসে প্রথমবারের মতো সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে এলাকার সমস্যা সমাধানে কাজ শুরু করেছে। জনগণকে সঙ্গে নিয়েই এসব সমস্যার সমাধান করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, এলাকায় তীব্র পানির সংকট, গ্যাস সমস্যা এবং কিশোর গ্যাংসহ বিভিন্ন সমস্যা রয়েছে। এসব সমস্যা শুধু সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে এককভাবে সমাধান করা সম্ভব নয়। জনগণের সহযোগিতায় সরকারি ও বিরোধী দল একযোগে কাজ করলে সমস্যাগুলোর সমাধান সম্ভব হবে। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনগণকে সরকারের পাশে থাকার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে এমন জনকল্যাণমূলক ও ব্যতিক্রমধর্মী মতবিনিময় সভার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান বিরোধীদলীয় নেতা।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিরোধীদলীয় নেতার সঙ্গে এলাকার জনগণের মতামত জানতে তারা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। তিনি বলেন, বিরোধীদলীয় নেতা এ আসনের সংসদ সদস্য এবং ডিএনসিসি প্রশাসক জনগণের সেবক। জনগণের অভিযোগ ও দুর্ভোগের কথা শুনতে ডিএনসিসির পুরো টিমকে নিয়ে আসা হয়েছে। সিটি করপোরেশন বিষয়গুলো বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে ঢাকা-১৫ আসনের সমস্যাগুলোর সমাধান করা হবে।

তিনি আরও বলেন, সরকারি ও বিরোধী দল একসঙ্গে এলাকার উন্নয়ন কার্যক্রমে অংশ নেবে এবং জনগণকে সঙ্গে নিয়ে একটি উন্নত ঢাকা গড়ে তুলতে কাজ করবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে এবং তা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ডে সরকারকে সহযোগিতা করার জন্য ঢাকা-১৫ আসনের জনগণের প্রতি আহ্বান জানান।

ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন জনগণের সেবায় নিয়োজিত এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ে তুলতে কাজ করছে।

তিনি জানান, প্রতিদিন বর্জ্য অপসারণ, ডেঙ্গু নিয়ন্ত্রণ, খাল পুনরুদ্ধার ও সংস্কার, ড্রেন ও সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে ডিএনসিসি।

তিনি আরও বলেন, ঢাকা-১৫ তার নিজ এলাকার পাশাপাশি বিরোধীদলীয় নেতারও এলাকা। এ এলাকার উন্নয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী নিজেই নিয়েছেন। তার নেতৃত্বে সরকারি ও বিরোধী দল একসঙ্গে এলাকার উন্নয়ন ও দেশের অগ্রগতির জন্য কাজ করবে।

ডেঙ্গু নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ প্রতিরোধ, পানি ও গ্যাস সংকট নিরসন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে ডিএনসিসিকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় পশ্চিম শেওড়াপাড়া ও মনিপুরী পাড়ার পানির সংকট নিরসনে পাঁচটি পানির পাম্প স্থাপনের জন্য দ্রুত স্থান নির্ধারণে জনগণের সহযোগিতা কামনা করেন বিরোধীদলীয় নেতা, প্রতিমন্ত্রী ও ডিএনসিসি প্রশাসক।

এ সময় তারা নিজ নিজ তহবিল থেকে প্রতিটি পানির পাম্প নির্মাণে ২০ লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন।

সভায় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, তিতাসের ব্যবস্থাপনা পরিচালক, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।