
ছবি: সংগৃহীত
ঢাকা, ৪ জুলাই, ২০২৬ (বঙ্গলোক ডেস্ক)
রাজধানীর চকবাজারে খাজা মার্কেটের আশিক টাওয়ারে আজ শনিবার দুপুর দেড়টার দিকে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে বর্তমানে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। দুপুর ১টা ৩৪ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে প্রথম আগুনের খবর আসে। পাঁচতলা বিশিষ্ট ওই মার্কেট ভবনের তৃতীয় তলায় একটি দোকানে প্রথম আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পরপরই দুপুর ১টা ৪৬ মিনিটে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত কাজ শুরু করে। পরবর্তীতে আগুনের তীব্রতা বিবেচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও চারটি ইউনিট যুক্ত করা হয়। এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।গণমাধ্যমকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এবং মোবিলাইজিং অফিসার খালেদা ইয়াছমিন।