News update
  • জলাবদ্ধতা ও ভূমিধসের শঙ্কায় চট্টগ্রামে প্রশাসনের সতর্কতা, প্রস্তুত ৮ আশ্রয়কেন্দ্র     |     
  • সংসদের অধিবেশন আগামীকাল বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মুলতবি     |     
  • পরীক্ষা জালিয়াতি রোধে কঠোর শাস্তি, পাবলিক পরীক্ষা আইন সংশোধন বিল পাস     |     
  • স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান     |     
  • গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের     |     
প্রথম পাতা 2026-06-30, 7:33pm

শেখ হাসিনার বক্তব্য প্রচার নিষিদ্ধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশ মানার আহ্বান: তথ্য উপদেষ্টা

whatsapp-image-2026-06-30-at-7-c02d6eeda41707ad2ba3aedbedfdae551782826438.jpeg

ছবি-সংগৃহীত


দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচার সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং আদালতের এ সংক্রান্ত নির্দেশনা গণমাধ্যমগুলোকে কঠোরভাবে অনুসরণ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হচ্ছে, যা অনুচিত। আইন মেনে সংবাদ পরিবেশনে গণমাধ্যমগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার বিষয়ে আদালতের স্পষ্ট নির্দেশনা রয়েছে। তবুও কিছু গণমাধ্যম সম্প্রতি তা প্রচার করছে, যা আদালতের নির্দেশ অমান্যের শামিল। এ কারণে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রাথমিকভাবে সংশ্লিষ্টদের এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। এখনই কঠোর পদক্ষেপ না নিলেও গণমাধ্যমগুলোকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, সরকারের আশা গণমাধ্যম দায়িত্বশীল ভূমিকা রাখবে। তবে আদালতের নির্দেশ অমান্য অব্যাহত থাকলে পরবর্তী সময়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গণমাধ্যমের স্বাধীনতা ও সরকারের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার গণমাধ্যমকে সহযোগী হিসেবে দেখে এবং মতামত ও সমালোচনাকে গুরুত্ব দিয়ে বিভিন্ন সিদ্ধান্তে পরিবর্তন আনে। বাজেট ও ব্যাংকিং খাতের কিছু সিদ্ধান্তে সমালোচনার পর পরিবর্তনের উদাহরণও তিনি তুলে ধরেন।

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আওয়ামী লীগ ‘রিফর্মড’ বা অন্য কোনো নামে হলেও রাজনৈতিক কর্মসূচি চালাতে পারবে না। এ বিষয়ে সরকারের অবস্থান কঠোর বলেও তিনি উল্লেখ করেন।

ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ উপস্থিত ছিলেন।